নওগাঁর মান্দায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চক ভালাইন পীরপাল ওয়াকফ এস্টেটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের চকভালাইন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রায় দুই সহস্রাধিক মানুষের মাঝে ঐতিহ্যবাহী ‘আলু ঘাট্টি’ ও ভাত পরিবেশন করা হয়।
চক ভালাইন পীরপাল ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটির সভাপতি ছাদেক আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এস্টেটের মোতাওয়াল্লী আব্দুল গাফফার। এছাড়া স্থানীয়দের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক ও সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ওয়াকফ এস্টেট কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং এলাকার অসহায় মানুষের অন্যতম আশ্রয়স্থল। বর্তমানে এস্টেটের অধীনে ৪ একর ৩৯ শতক জমি রয়েছে। এই জমি লিজ থেকে অর্জিত আয়ের পুরোটাই ব্যয় করা হয় জনকল্যাণমূলক কাজে।
বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মোতাওয়াল্লী আব্দুল গাফফার বলেন, "ওয়াকফ এস্টেটের ৪ একর ৩৯ শতক জমি থেকে প্রাপ্ত আয় দিয়ে আমরা এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে টিউবওয়েল স্থাপন এবং চিকিৎসা সহায়তা প্রদান করছি। এছাড়া অর্থের অভাবে যেসব মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম, তাদের শিক্ষার খরচও এখান থেকেই দেওয়া হয়।"
সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, "অসহায় পরিবারের মেয়েদের বিয়ে এবং স্থানীয় মসজিদ-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে এই এস্টেটের তহবিল বিশেষ ভূমিকা রাখছে। আমরা আমানত হিসেবে এই সম্পদ রক্ষা ও ব্যয় করছি।"
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও দোয়া মাহফিল উপলক্ষে এলাকার দেড় থেকে দুই হাজার মানুষের জনসমাগম ঘটে। দোয়া মাহফিল শেষে বরেন্দ্র অঞ্চলের জনপ্রিয় খাবার ‘আলু ঘাট্টি’ দিয়ে আগতদের আপ্যায়ন করা হয়। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি এবং ওয়াকফ এস্টেটের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরিশেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে বক্তারা এস্টেটের এই মহতী কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

