০৩
ফরিদগঞ্জ তুলাতুলি বাজারে বন্ধু ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
মোঃ ইয়াছিন পালোয়ান:
ফরিদগঞ্জ উপজেলার ১১নং ইউনিয়নের তুলাতুলি বাজার এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বন্ধু ফাউন্ডেশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে গরিব ও অসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
রমজানের সংযম, সহমর্মিতা ও ভাগাভাগির চেতনাকে সামনে রেখে তুলাতুলি বাজার সংলগ্ন পূর্ব একলাশপুর, পূর্ব আলোনিয়া, মদিনা বাজারসহ কয়েকটি গ্রামের দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দৈনন্দিন আয়ের ওপর নির্ভরশীল অনেক পরিবারের জন্য এই সহায়তা কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে আসে।
ইফতার সামগ্রী নিতে আসা একাধিক উপকারভোগী জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় তাদের জন্য রমজানে ইফতার প্রস্তুত করাও কষ্টকর হয়ে পড়ে। বন্ধু ফাউন্ডেশনের এ উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, এ ধরনের আয়োজন শুধু খাদ্য সহায়তা নয়, আমাদের পাশে কেউ আছে এই অনুভূতিটাই বড়। আরেকজন বলেন, যুব সমাজ এভাবে এগিয়ে এলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন রনি, সহ-সভাপতি আল-আমীন হাজী, কোষাধ্যক্ষ হাসিব পাটোয়ারী, সদস্য মোঃ আল-আমীন, মোঃ নাজমুল চকিদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই সংগঠনের প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে অবস্থানরত কয়েকজন শুভানুধ্যায়ী আন্তরিক সহযোগিতা প্রদান করেছেন। সহ-সাধারণ সম্পাদক মোঃ রানা এবং মোঃ ইমন, মোঃ সজিব, মোঃ নাজিম, মোঃ সাগর, মোঃ ফারুক, মোঃ রাছেল ও পরিচালক মোঃ সুজনসহ আরও অনেকে আর্থিক সহায়তা দেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সুশৃঙ্খলভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, রমজানের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা ও মানবিকতা। সেই শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করতে পেরে তারা কৃতজ্ঞ। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :