আজ সোমবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রকাশের মাধ্যমে বাংলাদেশের এই সফরের বিস্তারিত সূচি নিশ্চিত করেছে।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের শুরুতেই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। জোহানেসবার্গে আগামী ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট।
এরপর ২৩ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সমীকরণে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টেস্ট সিরিজ শেষ হতেই শুরু হবে সাদা বলের লড়াই। ১ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৪ ও ৭ ডিসেম্বর।
এই ওয়ানডে সিরিজটি ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে দুই দলই। সফরের সবশেষে থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
সিএসএ-এর প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকে আতিথ্য দিতে তারা মুখিয়ে আছেন। তার মতে, প্রতিটি সিরিজই ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোকে নিজেদের শক্তিমত্তা প্রমাণের সুযোগ করে দেবে।


আপনার মতামত লিখুন :