ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | এপ্রিল ১২, ২০২৬, ১১:৫৬ এএম সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  রোববার (১২ এপ্রিল) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

আমরা দিন দিন খেলা থেকে দূরে সরে যাচ্ছি এবং কোচিং এর সাথে সম্পৃক্ত হচ্ছি। খেলাধুলার মাধ্যমে মস্তিষ্ক ও শারীরিক বিকাশ ঘটে। সৌম্য ও মোস্তাফিজের মতো তোমরাও একদিন জাতীয় দলে নাম লেখাবে। আমাদের পরিকল্পনা আছে শীঘ্রই উপজেলা পর্যায়ে থেকেও টুর্নামেন্টের আয়োজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার হেড অব ব্রাঞ্চ জালাল আহমেদ ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান সামছুজ্জামান প্রমূখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, বাংলাদেশ আম্পায়ার এন্ড স্কোরার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান সৈকত প্রমূখ।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানায়। টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় অংশ নেয় কারীমা মাধ্যমিক বিদ্যালয় বনাম পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ওয়াহিদুজ্জামান শামীম ও ফিরোজ রহমান এবং স্কোরার এর দায়িত্ব পালন করেন জি এম সাইফুল ইসলাম বাপ্পি। এসময় প্রশাসনিক কর্মকর্তা, প্রাইম ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!