ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

ইরানে অভিযান এখনও শেষ হয়নি: নেতানিয়াহুর সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক | এপ্রিল ১২, ২০২৬, ১১:০১ এএম ইরানে অভিযান এখনও শেষ হয়নি: নেতানিয়াহুর সতর্কবার্তা

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানে ইসরায়েলের সামরিক অভিযান শেষ হয়নি বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ চলাকালে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, “ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি, আমাদের আরও অনেক কিছু করার আছে। তবে এখন পর্যন্ত যে সাফল্য এসেছে, তা ঐতিহাসিক।”


তিনি দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায়ই ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। তার ভাষায়, “ইরান যদি এই সক্ষমতা অর্জন করত, তাহলে প্রতিদিন শত শত পারমাণবিক অস্ত্র উৎপাদনের ঝুঁকি তৈরি হতো, যা আমাদের অস্তিত্বের জন্য হুমকি।”

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার কারণ ব্যাখ্যা করে নেতানিয়াহু বলেন, ইরান তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, যাতে বাইরের হামলা থেকে তা সুরক্ষিত থাকে।


এদিকে বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধবিরতির মধ্যেও এমন বক্তব্য আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে বিরোধে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ফেব্রুয়ারিতে সংলাপ ব্যর্থ হওয়ার পর ইরানে যৌথ সামরিক অভিযান চালায় ওয়াশিংটন ও তেল আবিব। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে।


 

কােলর সমাজ/ কে.পি

বিষয়: সতর্কবার্তা নেতানিয়াহু

Link copied!