ঢাকা সোমবার, ০১ জুন, ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৫৫

কালের সমাজ ডেস্ক | জুন ১, ২০২৬, ১০:১৭ এএম মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৫৫

মিয়ানমারের শান রাজ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

রোববার (৩১মে) স্থানীয় সময় দুপুরের দিকে চীন সীমান্তসংলগ্ন নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। তবে বিভিন্ন সূত্রে হতাহতের সংখ্যায় কিছুটা ভিন্নতা দেখা গেছে।

বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন বলে জানিয়েছেন।

এলাকাটি নিয়ন্ত্রণকারী জান্তাবিরোধী সশস্ত্র সংগঠন ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এক বিবৃতিতে দাবি করেছে, খনি ও পাথর উত্তোলন কার্যক্রমে ব্যবহৃত বিস্ফোরক থেকে অনাকাঙ্ক্ষিতভাবে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিস্ফোরণের প্রথম মুহূর্তে অনেকেই এটিকে বিমান হামলা বলে মনে করেছিলেন, কারণ বিস্ফোরণের তীব্রতা ছিল অত্যন্ত বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং চারদিকে ইট-পাথর ও ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। এছাড়া পুড়ে যাওয়া গাছপালা ও বিধ্বস্ত স্থাপনা থেকে দীর্ঘ সময় ধোঁয়া বের হতে দেখা যায়।

ঘটনার পর উদ্ধারকাজ শুরু করা হয়েছে এবং আহতদের স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। তবে দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা সীমিত থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

কালের সমাজ/ওজি

Link copied!