গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ টু জৈনা বাজার আঞ্চলিক সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে শুরু হয়েছে সড়কটির সংস্কার কাজ, যার ফলে ওই অঞ্চলের মানুষের মনে স্বস্তি নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির আব্দুল আউয়াল কলেজ মোড় থেকে লোহাই বাজার পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এবং অন্তত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ত এবং প্রায়ই ঘটত ছোট-বড় দুর্ঘটনা। তেলিহাটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে এবং উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য তারেক হাসান বাচ্চুর সার্বিক তত্ত্বাবধানে।
সংস্কার কাজ পুরোদমে চলমান।
ইউপি সদস্য তারেক হাসান বাচ্চু জানান, স্থানীয় জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদের অর্থায়নে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এই সংস্কার কাজ শুরু করা হয়েছে। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে তা শেষ করার চেষ্টা চলছে।
রাস্তার সংস্কার কাজ চলমান থাকার কারণে বর্তমানে আব্দুল আউয়াল কলেজ মোড় থেকে লোহাই বাজার পর্যন্ত সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। জনসাধারণের সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার পরপরই রাস্তাটি পুনরায় চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এদিকে দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হওয়ায় তেলিহাটি ইউনিয়নসহ পুরো অঞ্চলের সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং চালকদের মাঝে আনন্দের আমেজ ও স্বস্তি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
কালের সমাজ/কে.পি

