ঢাকা সোমবার, ০১ জুন, ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে -সেলিমুজ্জামান সেলিম এমপি

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি | জুন ১, ২০২৬, ০৯:০৯ পিএম যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে  -সেলিমুজ্জামান সেলিম এমপি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বেজড়া-ভাটরা গ্রামের উদ্যোগে কোটালীপাড়া একাদশ ও কাউনিয়া একাদশের মধ্যকার জমজমাট ফাইনাল ফুটবল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে বেজড়া-ভাটরা খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলা উপভোগ করতে এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত হন। খেলার মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ ও দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস।

ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমুজ্জামান সেলিম। তিনি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং বলেন, "যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমেদ ও হাবিবুল্লাহ মুন্সি লিটু এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে মুকসুদপুরের কাউনিয়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে কোটালীপাড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকির আহমেদ।

স্থানীয়রা জানান, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কালের সমাজ/কে.পি
 

Link copied!