যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১ জুন) দুপুর ১২টা ১২ মিনিটে একটি বাড়ি থেকে গুলির শব্দ শোনার পর জরুরি ফোনকল পায় আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে। তবে এর আগেই হামলাকারী সেখান থেকে পালিয়ে যান।
পরবর্তী তদন্তে পুলিশ আরও দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় আরও দুই পুরুষের মরদেহ উদ্ধার করে। তাদের একজন একটি বাসভবনে এবং অন্যজন নিকটবর্তী একটি ব্যবসাপ্রতিষ্ঠানে নিহত অবস্থায় ছিলেন।
পুলিশ জানিয়েছে, নিহত ছয়জনই হামলাকারীর পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
সন্দেহভাজন হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। ঘটনার পর তিনি মিসিসিপি নদীর তীরবর্তী একটি পথ ধরে পালানোর চেষ্টা করেন। পরে একটি পথচারী সেতুর কাছে পুলিশ তাকে ঘিরে ফেললে তিনি নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকেই গুলি করে আত্মহত্যা করেন।
মাসকাটিন পুলিশের প্রধান অ্যান্থনি কিস বলেন, “আজকের এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনার অভিঘাত ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের শান্ত সম্প্রদায়ের জন্য এটি এক গভীর শোকের দিন।”
পুলিশ আরও জানিয়েছে, হামলাকারীর বিরুদ্ধে পূর্বে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল। তবে ঘটনার পর বর্তমানে জনসাধারণের নিরাপত্তা নিয়ে কোনো তাৎক্ষণিক হুমকি নেই।
নিহতদের পরিচয় ও বয়স এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং পারিবারিক বিরোধের প্রকৃতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
কালের সমাজ/ওজি

