রাজশাহী বিভাগে বিএনপির নারী সংরক্ষিত আসনে শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত মনোনয়ন ফরম নিয়েছেন ৫১ নেত্রী। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে রোববারও (১২ এপ্রিল) কিনতে পারেন অনেকে।
এদিকে রাজশাহী বিভাগে জাতীয় সংসদে ৩৯টি সংসদীয় আসন রয়েছে। সংসদের প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে রাজশাহী বিভাগের ৩৯ আসনের বিপরীতে ৫টি সংরক্ষিত নারী আসন থাকতে পারে। তবে দ্বাদশ সংসদে রাজশাহী বিভাগের ৩৯ আসনের বিপরীতে মোট ৬ নারীকে সংরক্ষিত সংসদ-সদস্য নির্বাচন করা হয়েছিল।
রাজশাহী বিভাগে সংরক্ষিত ৫টি নারী আসনের মধ্যে বিএনপি কয়টি পাবে এবং বিরোধী জামায়াত জোট কয়টি পাবে তা নিয়ে অবশ্য এখনো ভাগাভাগি হয়নি। বিএনপির নারী নেত্রীরা দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করলেও জামায়াতের কারও নাম এখনো প্রকাশ্যে আসেনি।
রাজশাহী বিভাগের জেলাওয়ারি আসনগুলো হচ্ছে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ নাটোর এলাকায় দুটি, নওগাঁ-বগুড়া-জয়পুরহাট এলাকায় দুটি অথবা তিনটি এবং পাবনা ও সিরাজগঞ্জ জেলা এলাকায় একটিসহ মোট ৫টি সংরক্ষিত আসন রয়েছে। এসব আসনে বিএনপির অর্ধশতাধিক নারী নেতা সংরক্ষিত নারী এমপি হওয়ার জন্য দলের কেন্দ্রীয় দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে জানা গেছে। কোনো কোনো জেলায় ৫-৭ জন করে নারী নেত্রী মনোনয়ন ফরম নিয়েছেন।
অন্যদিকে রাজশাহী বিভাগের ৩৯ আসনের মধ্যে ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ নির্বাচনে বিএনপি পেয়েছে ২৯টি আসন। অন্যদিকে জামায়াত জোট পেয়েছে ১০টি। ১২ মে নির্বাচনের আগে এলাকাভিত্তিক প্রাপ্ত আসনের ভিত্তিতে আসন বণ্টনের বিষয়টি সুরাহা হবে।
এদিকে শনিবার পর্যন্ত বিভাগের ৫টি আসনের বিপরীতে বিএনপির ৫১টি ফরম বিক্রি হয়েছে। শুক্রবার ফরম তুলেছেন রাজশাহীর অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহান পান্না, রাজশাহী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্মা খাতুন এবং চারঘাট মহিলা দল নেত্রী নাজমা আক্তার ফরম তুলেছেন।
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদা হাবিবা এবং মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোখসানা বেগম টুকটুকি ফরম নিয়েছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইতোমধ্যে ফরম কিনেছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। তার স্বামী সাবেক সংসদ-সদস্য হারুনুর রশিদ গত নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে লড়ে জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ সুচি, শিক্ষা সম্পাদক শাহনাজ খাতুন ফরম তুলেছেন।
অন্যদিকে পাবনা-সিরাজগঞ্জ এলাকা থেকে পাবনা জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ, শিল্পী কনকচাঁপা ছাড়াও চারজনসহ মোট আটজন মনোনয়ন ফরম কিনেছেন। দুই জেলার মধ্যে পাবনার ৫টি আসনের মধ্যে বিএনপি গত নির্বাচনে মাত্র দুটি আসনে জয় পায়।
এদিকে বগুড়া আসনে ফরম কিনেছেন বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু, সাধারণ সম্পাদক নাজমা আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরী, সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি ও শাজাহানপুর উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার।
এছাড়া এই আসনে জয়পুরহাট থেকে নাজমা খানম রুপালি, পারভিন বানু রুলি ও জাহেদা কামালের নাম আলোচনায় এসেছে। নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভিন পলি, নাটোর জেলা বিএনপির সদস্য হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন, মহুয়া নুর কচি ও সানজিদা খাতুন ফরম তোলার জন্য ঢাকায় রয়েছেন।
রাজশাহী বিভাগে জামায়াতের সংরক্ষিত নারী সদস্য কারা মনোনীত হবেন দলের কোনো নেতা এ বিষয়ে মন্তব্য করতে চাননি।
কারের সমাজ/কে.পি

