গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট (MWMP) উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে হাসপাতালের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো একটি যুগান্তকারী উদ্যোগ, যা জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যান্টটির উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য প্রখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। জনস্বাস্থ্য খাতে তাঁর দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক তদারকির ফলেই এই আধুনিক প্ল্যান্ট বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্বাস্থ্যখাতে উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় তাঁর নিরলস ভূমিকা শ্রীপুরবাসীর মাঝে প্রশংসিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা।পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বিল্লাল হোসেন বেপারী
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক এই প্ল্যান্টটি স্বাস্থ্য কমপ্লেক্সে উৎপাদিত ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য বৈজ্ঞানিক ও পরিবেশসম্মত উপায়ে নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও নিরাপদ হবে এবং রোগী ও সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হবে।
প্রকল্পটি বাস্তবায়নে শ্রীপুর পৌরসভার সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের মাধ্যমে শ্রীপুর উপজেলায় পরিবেশবান্ধব ও আধুনিক স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্তের সূচনা হলো।
স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা একে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
কালের সমাজ/ কে.পি

