মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরআনের উপর পা রাখার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, ধর্ম অবমাননার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, নাম ও বয়স প্রকাশ না করা ওই দুই নারীকে এই সপ্তাহে বানতেন প্রদেশ থেকে পুলিশ গ্রেপ্তার করে। ইন্দোনেশিয়ার ধর্ম অবমাননা আইনে দোষী প্রমাণিত হলে তাদের পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
এই আইন অনুযায়ী, দেশের ছয়টি সরকারি ধর্মের কোনো একটিকে অপমান করে এমন কোনো মন্তব্য করা বা কাউকে সেই ধর্মগুলোর কোনো একটি পালনে বাধা দেওয়ার চেষ্টা করা নিষিদ্ধ।
ঘটনাটি ঘটে বুধবার, যখন রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দূরে বানতেনের লেবাকের এক সেলুন মালিক তার এক অতিথির বিরুদ্ধে জিনিসপত্র চুরির অভিযোগ তোলেন।
ওই নারী অভিযোগ অস্বীকার করলে, সেলুন মালিক তাকে কোরআনের উপর পা রেখে শপথ নিতে জোর করেন এবং এর একটি ভিডিও ধারণ করেন।
"যে ব্যক্তি কোরআনের উপর পা রেখেছিল এবং যে ব্যক্তি তাকে শপথ করতে বলেছিল, তারা দুজনেই নিজেদের কৃতকর্মের কথা স্বীকার করেছে। পুলিশ তাদের তলব করেছে এবং এখন তাদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে," বানতেন পুলিশের মুখপাত্র মারুলি আহিলেস হুতাপেয়া এএফপিকে বলেন।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যা জনরোষের জন্ম দেয়।
অধিকার গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে ধর্ম অবমাননা আইনের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে, যা তাদের মতে প্রায়শই ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করতে অপব্যবহার করা হয়।
জাকার্তার প্রাক্তন গভর্নর বাসুকি তাহাজা পুরনামা, যিনি আহোক নামে বেশি পরিচিত, ২০১৭ সালে ধর্ম অবমাননার অভিযোগে প্রায় দুই বছরের জন্য কারারুদ্ধ হয়েছিলেন।
২০২৪ সালে, মুহাম্মদ নামটি নিয়ে কৌতুক করার জন্য একটি আদালত একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানকে ছয় মাসের কারাদণ্ড দেয়।
ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ, যেখানে ২৪ কোটিরও বেশি অনুসারী রয়েছে। সূত্র : দ্যা স্ট্রেইটস টাইম
কালের সমাজ/এসআর

