খাগড়াছড়ি: উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।
ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু। ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পালন করছে বৈসু।
অন্যদিকে মারমা জাতিগোষ্ঠীর মানুষ মেতে উঠেছে ‘সাংগ্রাইং’ উৎসবে।
সকালে জেলা সদরের পানখাইয়াপাড়া বটতলায় মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই র্যালির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
র্যালিতে মারমারা বর্ণিল সাজে অংশ নেন। তারা নেচে গেয়ে শহরকে উৎসবমুখর করে তোলেন।
পরে সাংগ্রাইয়ের প্রধানতম আকর্ষণ জলকেলিতে অংশ নেন মারমা তরুণ-তরুণীরা। যার উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
এসময় তারা একে অপরকে পানি ছিটিয়ে নিজেদের পরিশুদ্ধ করে নতুন বছরকে বরণ করেন। জলকেলি নামে পরিচিত এই উৎসবে সব বয়সীরাই যোগ দেন, তরুণ-তরুণীদের অংশগ্রহণই বেশি দেখা যায়। নেচে গেয়ে তারা উল্লাস করছেন।
এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

