ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৪, ২০২৬, ০২:১৬ পিএম কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কৃষক স্বচ্ছল থাকলেই দেশ স্বচ্ছল থাকবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কৃষিখাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকারপ্রধান।

বক্তব্যের শুরুতেই কৃষকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পহেলা বৈশাখ এখন সামাজিক অনুষ্ঠানে রূপ নিলেও এটি মূলত কৃষকদের সঙ্গে সম্পর্কিত। সেজন্য আজ এই কৃষক কার্ডের উদ্বোধন করেছি।

তারেক রহমান বলেন, প্রাথমিকভাবে ২২ হাজার কৃষক পাচ্ছেন এ কার্ড। পাঁচ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ চাষি কৃষক কার্ড পাবেন। নির্বাচনের আগে প্রতিশ্রুতির মধ্যে এটি অন্যতম। এ ছাড়া, কৃষি ঋণ ১০ হাজার পর্যন্ত মওকুফ করেছি প্রথম সপ্তাহে। ১২ লাখ কৃষক এই সুবিধা পেয়েছেন।

May be an image of one or more people, dais and text

তিনি বলেন, কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেয়া হবে, যাতে কৃষকরা আরও দাম পেতে পারেন। কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল বসেছি। বিভিন্ন দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা কোল্ডস্টরেজ তৈরিতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী। 
তিনি আরও বলেন, বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, চেষ্টা করেছে কৃষকদের পাশে দাঁড়ানোর। আপনাদের এই আস্থার মূল্য দেবে বিএনপি সরকার।

সবাইকে দেশ গঠনের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন দেশ পুনর্গঠনের সময়। এই সরকার জনগণের সরকার। লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, দেশের উন্নয়ন। সবাই নিজের দেশকে ভালো দেখতে চায়। আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। এর জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।

কৃষককে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা বিএনপির লক্ষ্য জানিয়ে তিনি বলেন, দেশের ৪০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। বাকিরা কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পর্কিত। প্রধান পেশা কৃষি। বিএনপি সরকার বিশ্বাস করে, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তাই বিএনপি সরকারের অঙ্গীকার ১০টি সুবিধা সংবলিত কৃষি কার্ড পৌঁছে দেয়া হচ্ছে। 

May be an image of one or more people, dais and text

প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে কৃষক ও কৃষির সুবিধার্থে। ভূগর্ভস্থ পানির দিকে নজর দিতে হবে। কারণে এটি কমতে শুরু করেছে। তাই যেনো সেটাকে বাঁচানো যায়, এর উদ্যোগ নেবে সরকার।

কৃষিপণ্য উৎপাদনই শুধু নয়, দেশীয় পণ্য রফতানির ওপর জোর দেয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া ৫ হাজার পর্যন্ত ঋণ মওকুফ করেছেন, খাজনা মওকুফ করেছেন। জিয়াউর রহমান খাল খনন শুরু করার ১ বছরে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল দেশ। বিদেশে রফতানি শুরু হয়েছিল।


কালের সমাজ/ কে.পি

 

Link copied!