ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

হরিণ শিকার করায় স্বামীকে তালাক দিলেন শাহীনুর বেগম

নিজস্ব প্রতিবেদক | মার্চ ৫, ২০২৬, ০২:১৬ পিএম হরিণ শিকার করায় স্বামীকে তালাক দিলেন শাহীনুর বেগম

বরগুনার পাথরঘাটায় বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে স্বামী মো. হানিফকে (৪৫) তালাক দিয়েছেন স্ত্রী শাহীনুর বেগম (৪০)।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তালাকের নোটিশ পাঠান শাহীনুর। এর আগে সোমবার রাতে দুটি জবাই করা হরিণসহ গ্রেপ্তার হন হানিফ। 

জানা গেছে, সোমবার রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খাল এলাকায় ঝটিকা অভিযান চালায় বনরক্ষীরা। এ সময় একটি ট্রলার থেকে দুটি জবাই করা হরিণ ও ৯টি বিশেষ ফাঁদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় মো. হানিফকে। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের হাঁড়িটানা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করে আসছিলেন।

গ্রেপ্তারের পর হানিফকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. পনির শেখ তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস কারাদণ্ডের আদেশ দেন।

এ ছাড়া আদালতের নির্দেশে জব্দ করা হরিণের চামড়া ও শিং সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে এবং মাংস কেরোসিন মিশিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।

হানিফের স্ত্রী শাহীনুর বেগম জানান, হানিফা আগে সাগরে মাছ ধরতেন। কিন্তু সম্প্রতি তিনি অসাধু উপায়ে হরিণ শিকারে জড়িয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি।

বন বিভাগের পাথরঘাটা সদর বিট কার্যালয়ে মালির কাজ করেন শাহীনুরের ছোট ভাই জহিরুল ইসলাম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, হানিফের এই অবৈধ কারবারের কারণে বন বিভাগে কাজ করা আমার পক্ষে দুরূহ হয়ে পড়ছিল।

কালের সমাজ/এসআর

Link copied!