গোপালগঞ্জের কাশিয়ানীতে দোলা পরিবহন ও সেবা গ্রীন লাইন এর সংঘর্ষ হয়েছে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী বাসটি ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাতইল ইটভাটা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ছিটকে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করা হয়।
আহত অন্তত ১২ জনকে চিকিৎসার জন্য দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি এবং দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ধীরগতির থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

