ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

খুলনায় রানা শেখ হত্যা, আসামি আজমাইন মোল্যা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,খুলনা | মার্চ ৫, ২০২৬, ০৬:৪৯ পিএম খুলনায় রানা শেখ হত্যা,  আসামি আজমাইন মোল্যা গ্রেপ্তার

খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন বৌ বাজার এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রানা শেখ হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম পলাতক আসামি আজমাইন মোল্যাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।
র‍্যাব জানায়, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব ফোর্সেস।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় গত ৭ জানুয়ারি খুলনা মহানগরীর খানজাহান আলী থানার জান্দিপুর বৌ বাজার এলাকায় সংঘটিত রানা শেখ (৩৪) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি মো. আজমাইন মোল্যাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আজমাইন মোল্যার পিতা আব্দুর রাজ্জাক মোল্যা। তার বাড়ি খুলনা জেলার খানজাহান আলী থানার জব্দীপুর এলাকায়।
র‍্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের খানজাহান আলী ও খালিশপুর থানায় অস্ত্র আইন ও হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Link copied!