চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা কারিকুলাম পরিমার্জনের কাজ চলমান রয়েছে। এ লক্ষ্যে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি জানান, আগামী বছর পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে এবং ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এ সময় তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

