ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:১৪ পিএম পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমদ খান। শনিবার তিনি শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ফিরোজ জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। পদত্যাগপত্র গ্রহণের পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিধি অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

এর আগে নির্বাচনপূর্ব এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেছিলেন, ‘আপৎকালীন পরিস্থিতি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক অগ্রগতি দৃশ্যমান হয়েছে।’ দায়িত্ব পালনের একটি পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে চান বলে জানান।

তিনি আরও বলেন, ‘নেতৃত্বে যেন হঠাৎ কোনো শূন্যতা সৃষ্টি না হয় এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে—সেটি গুরুত্বপূর্ণ। সরকার ও অংশীজনেরা প্রয়োজন মনে করলে স্বল্প সময় দায়িত্বে থেকে মসৃণ রূপান্তর প্রক্রিয়ায় সহায়তা করতেও তিনি প্রস্তুত আছেন।’

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সরকার চাইলে তাদের নীতির আলোকে প্রশাসন পুনর্গঠনের সুযোগ থাকা উচিত। প্রয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!