ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
জ্বালানি মন্ত্রী

আতঙ্কিত হবেন না, প্রয়োজন অনুযায়ী তেল নিন

নিজস্ব প্রতিবেদক | মার্চ ২৩, ২০২৬, ০৪:৪৮ পিএম আতঙ্কিত হবেন না, প্রয়োজন অনুযায়ী তেল নিন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের কাছে আহ্বান থাকল যে আপনারা প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। তেল আছে, আমরা তেল দিয়ে যাচ্ছি। আপনাদের প্রয়োজনের বেশি তেল নেবেন না।

তিনি বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এ সমস্যার সমাধানে দিন-রাত চেষ্টা করছি। আশা করি এ সমস্যার সমাধান করতে পারবো।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভর্তুকি দিয়ে হলেও আমরা জ্বালানি তেল আমদানি করছি। এরপরও জনগণের কথা ভেবে দাম বাড়ানো হয়নি। তাই আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নিন। জনগণ কো-অপারেট করলে তেলের সমস্যা হবে না। এখন সবার সহযোগিতা প্রয়োজন।

তেল সরবরাহ বাড়ানো হয়েছে জানিয়ে টুকু বলেন, আমরা তেল বেশি সরবরাহ করছি। গত বছরের তুলনায় দেশে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে ঈদ উপলক্ষ্যে দুদিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় কিছু চাপ তৈরি হয়েছিল। এখন আবার স্বাভাবিক হয়েছে।

এদিকে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ দাবি করে সংগঠনটি।

Link copied!