যেখানে রেকর্ড গড়াই মেসির অভ্যাস, সেখানে আরেকটি অবিশ্বাস্য মাইলফলক যেন ফুটবলবিশ্বকে আবারও মনে করিয়ে দিল জাদুকরের বাঁ-পা এখনও আগের মতোই কথা বলে। আর সেই জাদুতেই শিরোপা ধরে রাখার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।
নকআউট পর্ব আগেই নিশ্চিত ছিল, তাই জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য অনেকটাই আনুষ্ঠানিক। তবে মাঠে নেমে বিশ্বচ্যাম্পিয়নরা বুঝিয়ে দিল, তাদের কাছে কোনো ম্যাচই শুধুই আনুষ্ঠানিকতা নয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে আত্মবিশ্বাসী পদক্ষেপে পরের পর্বে পা রাখল আলবিসেলেস্তেরা।
শুরুতে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। একাদশে একাধিক পরিবর্তন এনে দল সাজান কোচ লিওনেল স্ক্যালোনি। অন্যদিকে প্রথম দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হওয়া বিশ্বকাপের নবাগত জর্ডান চাপহীন ফুটবলে চমক দেখানোর চেষ্টা চালায়। কিন্তু ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি ছিল মেসির পা থেকেই।
ম্যাচের শেষভাগে মাঠে নেমেই নিজের স্বাক্ষর রেখে যান আর্জেন্টাইন মহাতারকা। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক। জর্ডানের দ্বিস্তরের রক্ষণপ্রাচীরের সামনে ম্যাক অ্যালিস্টার, সেনেসি ও ওতামেন্দির বুদ্ধিদীপ্ত অবস্থান গোলরক্ষকের দৃষ্টি আড়াল করে দেয়। আর সেই ক্ষণিকের সুযোগকে শিল্পে রূপ দেন মেসি। বাঁ-পায়ের নিখুঁত নিচু শটে বল জড়িয়ে যায় জালে, আর অসহায় চোখে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক আবদুলাইলার।
এই গোলেই আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। তবে এটি ছিল শুধু একটি গোল নয়, ইতিহাসের নতুন অধ্যায়। ২০২৬ বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোল করার পাশাপাশি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে গড়লেন অনন্য বিশ্বরেকর্ড। ভেঙে দিলেন জাস্ট ফন্টেইন ও জেয়ারজিনহোর টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি।
কালের সমাজ/এএ ইচবি

