নির্বাচনের পরেরদিনই নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদের সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। নব-নির্বাচিত রাষ্ট্রপতি এদিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছেন চিফ হুইপ।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবারই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
এর আগে, গত ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
এদিকে, সাহাবুদ্দিন পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বঙ্গভবনে তিনি শেষ কর্মদিবস কাটাবেন। তাকে বিদায়ী গার্ড অব অনারও দেওয়া হবে।
কালের সমাজ/কে.পি

