বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।
কমিটিগুলো হলো—কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ-নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলো গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।
জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ২৬৩ ও ২৬৫ বিধিতে উল্লেখিত দায়িত্ব পালনের জন্য ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।
কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-৮), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।
সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৫ বিধির অধীনে ২৪৪ বিধিতে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আট সদস্যের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির সভাপতি হয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন।
কমিটির সদস্যরা হলেন—গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), মো. জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), শাহ মো. ওয়ারেশ আলী মামুন (জামালপুর-৫), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো. মাহবুবুল আলম (কুড়িগ্রাম-৩), নূরুন্নিসা সিদ্দীকা (মহিলা আসন-৩৭) এবং জি এম নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)।
কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধির আওতায় গঠিত ১০ সদস্যের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
কমিটির সদস্যরা হলেন—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি তিনি সংসদ সদস্য হন), আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), মো. লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪), মো. মোশারফ হোসেন (বগুড়া-৪), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), ফেরদৌসী আহমেদ (মহিলা আসন-২৩), মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মো. তাজউদ্দীন খান (মেহেরপুর-১)।
সংসদের কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী নাগরিকদের পিটিশন পর্যালোচনা এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
কমিটির অন্য সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) (লক্ষ্মীপুর-৪), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।
কালের সমাজ/কে.পি

