ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৪৬ পিএম পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করছে না এবং নির্বাচনে ‘মব ভায়োলেন্স’ বলে আলাদা কোনো পরিস্থিতিও নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।


বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী যদি অশোভন আচরণ করেন এবং তা জনসমক্ষে আসে, তাহলে স্বাভাবিকভাবেই তিনি সমাজে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। এরপরও কেউ সীমা অতিক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা নেই বলেও তিনি মন্তব্য করেন।


তিনি আরও জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রস্তুতি সন্তোষজনক। নিয়মিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।


এ ছাড়া রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও সভায় অংশ নেন।

Side banner
Link copied!