বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য তাদের নজরে এসেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের নামে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটিও সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
রোববার (৮ জুন) বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মজদুদ হোসেন আলমগীর পাভেলের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করা হয়নি। ফলে যারা নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি দাবি করছেন, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই।
এ অবস্থায় অনুমোদনহীন ও ভুয়া কমিটির প্রচারকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।
কালের সমাজ/এসআর

