ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান চৌধুরী তার মালিকানাধীন জমি জবরদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।আজ রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে লিখিত বক্তব্যে তিনি জানান গোয়ালচামট মৌজার এস.এ ১২০১ ও ১২০৩ নং দাগভুক্ত ২৪ শতাংশ জমির বৈধ মালিক তিনি। জমির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় দলিল, খতিয়ান, পর্চা ও অন্যান্য কাগজপত্র তার কাছে রয়েছে।
তিনি জানান, ২০০৯ সালে দলিলমূলে জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে পারিবারিক ও ব্যবসায়িক কারণে বিভিন্ন দলিলের মাধ্যমে জমির মালিকানা হস্তান্তর ও পুনরায় নিজের নামে ফিরিয়ে নেন। দীর্ঘদিন ধরে তিনি ও তার পূর্বসূরিরা জমিটি ভোগদখল করে আসছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করছেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, উক্ত জমি নিয়ে ভিপি ইউসুফের ভাইদের সঙ্গে দেওয়ানি মামলা চলমান রয়েছে। মামলার রায় হওয়ার আগেই গত ১৭ জুন বিকেলে ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে তার জমিতে জোরপূর্বক প্রবেশ করা হয়।
এ সময় তার টিনের বেড়া ভেঙে ফেলা, কয়েকটি গাছ কেটে ফেলা এবং বেড়ার টিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। মিজানুর রহমানের দাবি, রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে। ফলে তিনি নিজের বৈধ সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারছেন না। বিষয়টি নিয়ে তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কার্যকর কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জমির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত, দখলমুক্ত করণ, প্রকৃত মালিকানা নিশ্চিতকরণ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

