ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

সোনারগাঁ থানা থেকে জাদুঘর ব্রিজ পর্যন্ত সড়কের বেহাল দশা

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | আগস্ট ৬, ২০২৬, ০৬:৫৪ পিএম সোনারগাঁ থানা থেকে জাদুঘর ব্রিজ পর্যন্ত সড়কের বেহাল দশা

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর) সংলগ্ন ব্রিজ পর্যন্ত সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কের খানাখন্দগুলো পানিতে তলিয়ে যায়। ফলে কোথায় গর্ত আর কোথায় রাস্তা—তা বোঝা কঠিন হয়ে পড়ে। এতে মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং অনেকেই আহত হচ্ছেন।

বিশেষ করে সোনারগাঁ থানার সামনের অংশে সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। প্রতিদিন শত শত মানুষ এ পথ ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে কার্যকর সংস্কার না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষার্থী, অফিসগামী চাকরিজীবী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট এবং সময়ের অপচয়।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়। অনেক সময় জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, সড়কটির দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়ন না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!