আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এ বর্তমানে ফ্রিজিং কার্যক্রম চলছে। এই প্রক্রিয়া শেষ হলে বিকেল থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে। ফলে গ্যাস সংকটের কারণে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোও পর্যায়ক্রমে চালু করা সম্ভব হবে। তবে সার্বিকভাবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ এলে সেগুলো গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। তবে অভিযোগ নিয়ে সংশ্লিষ্টদের সরাসরি যোগাযোগ করার আহ্বান জানালেও অনেকেই তা করেন না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ জানান, এটি একটি নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক ছিল। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আরও বেশি পরিমাণ ডিজেল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জ্বালানিমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। তাঁর ভাষায়, শেখ হাসিনা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন এবং তিনি দেশকে ক্ষতিগ্রস্ত অবস্থায় রেখে গেছেন।
কালের সমাজ/কে.পি

