বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে লাবণী সমুদ্রসৈকতে স্থাপন করা হয়েছে ‘FRF Iron & Arsenic Removal Water Treatment Plant’। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় স্থাপিত এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটির উদ্বোধন করা হয়েছে ।
কক্সবাজার জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যৌথভাবে প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকায় আগত বিপুলসংখ্যক পর্যটকের জন্য পর্যাপ্ত নিরাপদ সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বঙ্গোপসাগর সংলগ্ন হওয়ায় কক্সবাজার জেলার অধিকাংশ এলাকার ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততার সমস্যা রয়েছে। এ কারণে পর্যটক ও স্থানীয় জনগণের জন্য নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি হয়ে ওঠে।
বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হলে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এই প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের উদ্যোগ নেয়।
জেলা প্রশাসন ও গণস্বাস্থ্য বিভাগ, কক্সবাজারের সার্বিক সহযোগিতায় লাবণী সমুদ্রসৈকতে স্থাপন করা হয় আধুনিক ‘FRF Iron & Arsenic Removal Water Treatment Plant’।
এই প্ল্যান্টের মাধ্যমে সৈকতে আগত পর্যটক ও সাধারণ মানুষ বিনামূল্যে নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ শুধু পর্যটকদের ভোগান্তিই কমাবে না, বরং বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে আরও পর্যটকবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে কক্সবাজারে এ ধরনের আরও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হলে পর্যটন খাতের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতন মহল।
অন্যদিকে স্থানীয়রা আইন শৃঙ্খলার চরম অবনতি জননিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানান ।
কালের সমাজ/কে.পি

