ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে পাঁচ বছরে ইলিশ আহরণ কমেছে ৪৬ শতাংশ

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ | অক্টোবর ৪, ২০২৬, ০৮:৩৪ পিএম মানিকগঞ্জে পাঁচ বছরে ইলিশ  আহরণ কমেছে ৪৬ শতাংশ

মানিকগঞ্জের পদ্মা ও যমুনা নদীতে পাঁচ বছরের ব্যবধানে ইলিশ আহরণ কমেছে প্রায় ৪৬ শতাংশ। মৎস্য অধিদপ্তরের ‘ইয়ারবুক অব ফিশারিজ স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ’-এর তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে মানিকগঞ্জ সংলগ্ন লোয়ার পদ্মায় ইলিশ আহরণ হয়েছিল ১ হাজার ১৫৯ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে দাঁড়িয়েছে ৬২২ মেট্রিক টনে।
 

মৎস্য বিভাগের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে ১ হাজার ১১৭, ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ১২২ এবং ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৯০ মেট্রিক টন ইলিশ আহরণ হয়। পাঁচ বছরে কমেছে ৫৩৭ মেট্রিক টন বা ৪৬ দশমিক ৩৩ শতাংশ।
জেলেরা জানান, আগের তুলনায় নদীতে মাছ ধরতে বেশি সময় ও জ্বালানি খরচ হচ্ছে। অথচ কাঙ্ক্ষিত মাছ মিলছে না। নদীতে নাব্যতা সংকট, চর জেগে ওঠা ও পানির স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ায় ইলিশের বিচরণও কমেছে বলে মনে করছেন তারা। 

অনেক সময় মাছ ধরতে গিয়ে জালও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারসিকের মানিকগঞ্জ জেলা সমন্বয়ক বিমল চন্দ্র রায় বলেন, পানির প্রবাহ, নাব্যতা, পলি জমা, দূষণ এবং ইলিশের প্রজনন ও বিচরণ পরিবেশের পরিবর্তনের প্রভাব পড়ছে। জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম বলেন, নাব্যতা সংকট, পানির স্বাভাবিক প্রবাহ কমে যাওয়া ও দূষণসহ মানবসৃষ্ট বিভিন্ন কারণেও ইলিশের উৎপাদন কমছে।

কালের সমাজ/কে.পি

Link copied!