ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বাসে চালের বস্তার আড়ালে ফেন্সিডিল পাচার, গাবতলীতে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ৪, ২০২৬, ০৮:২৩ পিএম বাসে চালের বস্তার আড়ালে ফেন্সিডিল  পাচার, গাবতলীতে যুবক গ্রেপ্তার

রাজধানীর গাবতলী এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চালের বস্তার ভেতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেন্সিডিলসহ মোঃ ইমরান খান (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত রোববার ভোরে দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। 

জানা যায়, রবিবার ভোর ৫টা ১০ মিনিট থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত গাবতলী বাগবাড়ীস্থ মিরপুর হাজী আহসান উল্লাহ কমপ্লেক্সের (২৫৭/ক) হোটেল তুরাগ আবাসিক ভবনের পূর্ব পাশের রাস্তায় অবস্থান নেয় আভিযানিক দলটি। এ সময় ‘এসপি গোল্ডেন লাইন’ নামের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৫৮৪৫) তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে চালের বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়াও পাচার কাজে ব্যবহৃত ৪৫ কেজি চাল, বাসের একটি টিকিট এবং একটি টাচ মোবাইল ফোন জব্দ করেন কর্মকর্তারা। গ্রেপ্তারকৃত ইমরান খান যশোরের মনিরামপুর থানাধীন লাউড়ি গ্রামের মৃত মোবাচ্ছের হোসেন ও মোছাঃ নুরুন্নাহার বেগমের ছেলে। 

বর্তমানে তিনি ঢাকার গুলশান এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১৪ (গ) ধারায় রাজধানীর দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অবৈধ পরিবহন, সরবরাহ ও বিস্তারের বিরুদ্ধে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি

Link copied!