কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সমিতি, চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাঙ্গলকোটের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব রাখা গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে নাঙ্গলকোটের বাইয়ারা গ্রামের কৃতী সন্তান, শিক্ষাবিদ ও গবেষক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে শিক্ষাজীবনের অসামান্য সাফল্য ও পিএইচডি অর্জনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, নাঙ্গলকোট-১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা সমিতি, চট্টগ্রামের আহ্বায়ক সামছুদ্দিন ইলিয়াছ।
ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পাশাপাশি শিশু অপরাধ বিশ্লেষণ ও কিশোর গ্যাং প্রতিরোধে চট্টগ্রাম মহানগর এলাকায় কাজ করছেন। তিনি বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় ও হাসানপুর আবদুল গফুর ভূঁইয়া কলেজে পড়াশোনা শেষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ থেকে স্নাতক, চট্টগ্রাম সরকারি কলেজ থেকে মাস্টার্স এবং চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএল.বি ডিগ্রি অর্জন করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে Development Studies বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থী থেকে উচ্চশিক্ষার সর্বোচ্চ পর্যায়ে তাঁর এই সাফল্য নাঙ্গলকোটের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
কালের সমাজ/কে.পি

