ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্তৃপক্ষ। সরকারের ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে ফেলা হয়। একই সঙ্গে এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের সচেতন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ, কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধের উদ্যোগ শুধু একদিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
তিনি বলেন, ‘আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। একাডেমিক উন্নয়নের পাশাপাশি ক্যাম্পাসকে সুন্দর, পরিচ্ছন্ন ও গ্রিন ক্যাম্পাসে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এক মাসের মধ্যে ক্যাম্পাসের পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।
কালের সমাজ/কে.পি

