ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার লক্ষ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে মনোয়ারা বেগম নামের এক নারীর বিরুদ্ধে। উপজেলার কাঠালী এলাকার ৯ নম্বর ওয়ার্ডে সীমানা ও পৈতৃক জমি নিয়ে এই বিরোধের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালী এলাকার বাসিন্দা বাবুল মিয়া, রফিক মিয়া ও ফজলু মিয়াদের সাথে মনোয়ারা বেগমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ওই নারী সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একটি লিখিত আবেদন করেন। অভিযোগে তিনি দাবি করেন, বিবাদীরা বিভিন্ন কৌশলে তার চলাচলের সাধারণ রাস্তা দখল ও অবরুদ্ধ করে রেখেছে।
তবে অভিযুক্ত পক্ষের দাবি, যে স্থানে টিনের বেড়া দেওয়া বা পথ বন্ধের কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। কোনো সাধারণ বা জনসাধারণের যাতায়াতের রাস্তা বন্ধ করা হয়নি। নিজেদের সীমানায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকা সত্ত্বেও মনোয়ারা বেগম অবৈধ সুবিধা হাসিল এবং প্রতিপক্ষকে সামাজিকভাবে লাঞ্ছিত করার কুমানসে এই মিথ্যা ‘অবরুদ্ধ’ হওয়ার নাটক সাজিয়েছেন।
এলাকাবাসীর কয়েকজন জানান, জায়গা-জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে পূর্বেও একাধিকবার বৈঠক ও সামাজিক সালিশ হয়েছে। তবে মনোয়ারা বেগম সামাজিক সালিশ ও আইনি প্রক্রিয়াকে অমান্য করে অহেতুক প্রতিবেশীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ভুক্তভোগী বাবুল মিয়াসহ অন্য বিবাদীরা জানান, মিথ্যা ও কাল্পনিক তথ্য ছড়িয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে। তারা ঘটনাটির সরজমিনে সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
কালের সমাজ/কে.পি

