ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

রেকর্ড দরপতন, এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ৪, ২০২৬, ০২:৫৬ পিএম রেকর্ড দরপতন, এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

মার্কিন নিষেধাজ্ঞা ও তেল রপ্তানিতে অবরোধের চাপে ইরানের মুদ্রা রিয়ালের দরপতন আরও তীব্র হয়েছে। বর্তমানে খোলাবাজারে এক মার্কিন ডলারের দাম উঠেছে প্রায় ২৭ লাখ রিয়াল, যা ইরানের এই মুদ্রার নতুন রেকর্ড দরপতন।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের মুদ্রা রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে। মুক্তবাজারের মুদ্রার দর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বন-বাস্ট ডটকমের তথ্য অনুযায়ী, এখন এক মার্কিন ডলারের দাম প্রায় ২৭ লাখ ইরানি রিয়াল। ওয়েবসাইটটি ইরানি এক্সচেঞ্জ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে থাকে।

গত শুক্রবারও এক ডলারের দাম ছিল ২৬ লাখের কিছু বেশি রিয়াল। অন্যদিকে আলানচাঁদ ডটকমের হিসাবে এক ডলারের দাম ২৬ লাখ ৯৫ হাজার রিয়াল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মুদ্রার দর ধরে রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ২০০ কোটি ডলার পর্যন্ত বিক্রি শুরু করেছে। গত এক বছরে ইরানি রিয়ালের মূল্য অর্ধেকেরও বেশি কমে গেছে।

ইরানে বর্তমানে মূল্যস্ফীতির হার প্রায় ৭৩ শতাংশ। ব্যাপক এই মূল্যস্ফীতির সম্মুখীন হওয়া ইরানিরা এখন তাদের সঞ্চয়ের জন্য নিরাপদ আশ্রয় খুঁজতে পারেন। এতে করে তারা মার্কিন ডলারসহ অন্যান্য শক্তিশালী মুদ্রা বা সোনা কেনার দিকে মনোযোগ দিতে পারেন। এর ফলে ইরানি রিয়ালের আরও দরপতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছিল ২২ লাখ ইরানি রিয়াল। সেসময় মাত্র এক সপ্তাহের মধ্যেই রিয়ালের মানের ১০ শতাংশ পতন হয়েছিল।

কালের সমাজ/এসআর

Link copied!