ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, চোরাচালান ও ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ

আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয়া | অক্টোবর ৪, ২০২৬, ০২:৪৯ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, চোরাচালান ও ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে মাদকদ্রব্য, চোরাচালান, জঙ্গিবাদ, ট্রেনে পাথর নিক্ষেপ, চেইন পুলিং এবং ট্রেনের ইঞ্জিন ও ছাদে ভ্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) জান্নাত আফরোজের নেতৃত্ব ও দিকনির্দেশনায় এবং ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় এ বিট পুলিশিং সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া, এসআই রুবেলসহ রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ঐক্যবদ্ধ সদরের আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ, সামাজিক সংগঠন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা ভূঁইয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, রেলপথ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকদ্রব্য, চোরাচালান, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে যাত্রী ও রেলকর্মীরা গুরুতর আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এ সময় ট্রেনে পাথর নিক্ষেপ, চেইন পুলিং এবং চলন্ত ট্রেনের ইঞ্জিন ও ছাদে উঠে ভ্রমণের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে এলাকায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে রেললাইনের আশপাশের বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।

তিনি আরও বলেন, রেললাইনের আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড দেখা গেলে দ্রুত রেলওয়ে পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের অনুরোধ করা হয়েছে। রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সমাবেশে বক্তারা রেলওয়ের নিরাপত্তা রক্ষায় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

কালের সমাজ/এসআর

Link copied!