ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দূর হলো পান রপ্তানির আইনগত বাধা, হাইকোর্টের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ৪, ২০২৬, ০৩:০৯ পিএম দূর হলো পান রপ্তানির আইনগত বাধা, হাইকোর্টের আদেশ স্থগিত

পান রপ্তানিকে ঘিরে দীর্ঘদিনের আইনগত জটিলতায় আপাতত স্বস্তি ফিরেছে। বাংলাদেশ থেকে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের যে শর্ত হাইকোর্ট বিভাগের আদেশের মাধ্যমে কার্যকর হয়েছিল, তার কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

রোববার (৪ অক্টোবর) এক আদেশে তিনি হাইকোর্ট বিভাগের গত ৬ আগস্টের ওই আদেশের কার্যকারিতা স্থগিত করেন। এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করার শর্তটি আপাতত কার্যকর থাকছে না।

এর আগে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ রিট পিটিশন নং ৫৪১৯/২০২৬-এর ওপর গত ৬ আগস্ট আদেশ দেন। ওই আদেশে বলা হয়, বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না। ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র নেয়ার শর্ত বাধ্যতামূলক হয়ে পড়ে।

হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মহাপরিচালক, বাণিজ্য সংগঠন Civil Petition for Leave to Appeal No. 3659 of 2026 দাখিল করেন।

আজ ওই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্ট বিভাগের ৬ আগস্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে ওই আদেশের মাধ্যমে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের যে বাধ্যতামূলক শর্ত আরোপ করা হয়েছিল, সেটি আপাতত স্থগিত রয়েছে।

হাইকোর্ট বিভাগে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। অন্যদিকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সাল মোহাম্মদ ফায়েজী।

পান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসরণ করে রপ্তানি কার্যক্রম পরিচালিত হলে এ খাতে রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি পানচাষি ও রপ্তানিকারকদের জন্য নতুন বাজার সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।

পান রপ্তানি নিয়ে তৈরি হওয়া এই আইনগত জটিলতা নিয়ে এর আগে দৈনিক কালবেলা গত ২০ আগস্ট ‘সিন্ডিকেটে বন্দি পান রপ্তানি সমিতি’ শিরোনামে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল। আজকের আদেশের ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করার সেই শর্তের কার্যকারিতা আপাতত স্থগিত হলো।

কালের সমাজ/এসআর

আইন ও আদালত বিভাগের আরো খবর

Link copied!