মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। রোববার কমলগঞ্জ উপজেলার লামাবাজার, স্টেশন রোড ও শমসেরনগর বাজার সংলগ্ন বিভিন্ন পাইকারি ও খুচরা এলপিজি গ্যাস সিলিন্ডারের বিক্রেতা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন নেতৃত্ব দেন। অভিযানে শমসেনগর পুলিশ ফাঁড়ির ফোর্স সহযোগিতা করেন।
অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে লামাবাজারে অবস্থিত ওম ট্রেডার্সকে ৩হাজার টাকা, স্টেশন রোডে অবস্থিত চৌধুরী ট্রেডার্সকে ২হাজার টাকা ও সায়েম হার্ডওয়্যারকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানকালে সিলিন্ডারের পাইকারি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানকে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয় না করা এবং অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। আজকের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
কালের সমাজ/কেপি

