শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষায় নয়, মানবিকতা, সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। তবে শুধু ভবন নির্মাণ করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হবে না। শিক্ষার্থীদের মানবিকতা, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় সমান গুরুত্ব দিতে হবে। তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের নিতে হবে।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন এবং এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে হবে। তাই বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের শিক্ষার্থীদের সুশিক্ষিত, মানবিক ও দূরদর্শী নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল আল মুমিন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের উন্নয়ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতা ও উন্নয়নমূলক উদ্যোগ মির্জাপুরসহ হাটহাজারীর শিক্ষা ও যোগাযোগ অবকাঠামোর অগ্রগতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আরও সুন্দর ও আধুনিক পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল আল মুমিন বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।
সহকারী প্রধান শিক্ষক (অতি) মো. আক্কাস উদ্দিন ও শিক্ষক জাহেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা সমিতি স্কুল ও কলেজের অধ্যক্ষ আরিফুল হাসান চৌধুরী, মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুম, চারিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক শেখ আহমেদ, বিদ্যালয়ের সদস্য লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, দাতা সদস্য সৈয়দ জাফর আলম ও আবুল কালাম মানিক, প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক এএনএম নাছির উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো. ইসমাঈল, সুলতানুল আলম চৌধুরী ও রহমত উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়
কালের সমাজ/কে.পি

