ঢাকা সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার,  ৩২ জন আটক

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মার্চ ৮, ২০২৬, ০৯:৩০ পিএম পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার,  ৩২ জন আটক

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দুলালী গ্রামে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। একই ঘটনায় অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় সম্ভাব্য সংঘর্ষ ও গ্রাম্য ঝগড়া-মারামারি প্রতিরোধের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং সন্দেহভাজন ৩২ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদসহ থানা পুলিশের একটি দল। পুলিশ কর্মকর্তারা জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গ্রাম্য দ্বন্দ্ব বা সংঘর্ষ এড়াতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, “গ্রাম্য সংঘর্ষ বা ঝগড়া যেন না ঘটে, সেজন্যই পুলিশের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, পুলিশের এ ধরনের অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!