ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

পিরোজপুরের কাউখালীতে সরিষার বাম্পার ফলন

জেলা প্রতিনিধি, পিরোজপুর | মার্চ ৬, ২০২৬, ১০:০০ পিএম পিরোজপুরের কাউখালীতে সরিষার বাম্পার ফলন

পিরোজপুরের কাউখালী উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। অল্প খরচে বেশি লাভ এবং ভোজ্যতেলের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্য সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে সরিষার আবাদ। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের নিয়মিত পরামর্শে এ বছর সরিষার উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

উপজেলার বিভিন্ন মাঠে এখন দিগন্তজোড়া সরিষার হলুদ ফুলে তৈরি হয়েছে অপরূপ দৃশ্য। যেন প্রকৃতি নিজেই হলুদের চাদরে ঢেকে দিয়েছে চারপাশ। এতে কৃষকদের পাশাপাশি পথচারীদের মনও জুড়িয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ৭০ হেক্টর জমিতে সরিষা আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের সরিষার বীজ বিতরণ করা হয়। এর মধ্যে বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১ জাতের আবাদ বেশি হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া গ্রামের কৃষক মো. শাওন জানান, ভোজ্যতেলের দাম বেশি থাকায় নিজেদের চাহিদা মেটানো এবং বাজারে বিক্রির উদ্দেশ্যে ৩৩ শতাংশ জমিতে বিনা সরিষা-১১ জাতের সরিষা চাষ করেছেন তিনি। ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন।
এছাড়া সোনাকুর গ্রামের কৃষক সজল বৈরাগী ও হোগলা গ্রামের কৃষক লাকি হাওলাদার বলেন, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর সরিষার ফলন গত বছরের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার বলেন, তেল ফসলের আবাদ বাড়াতে কৃষকদের নিয়ে উঠান বৈঠকসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরিষা চাষে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার পাশাপাশি রোগবালাই প্রতিরোধ ও পরিচর্যা সম্পর্কেও নিয়মিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস জানান, এ বছর কাউখালী উপজেলায় মোট ৬৬ হেক্টর জমিতে বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১ জাতের সরিষা আবাদ হয়েছে। এতে প্রায় ১২০ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে, যা থেকে আনুমানিক ৫০ মেট্রিক টন ভোজ্যতেল উৎপাদন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সরিষার আবাদ বাড়াতে কৃষি বিভাগ ভবিষ্যতেও কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা ও পরামর্শ প্রদান অব্যাহত রাখবে।

Link copied!