ফরিদপুরের নগরকান্দা উপজেলার বারখাদিয়া গ্রামে জমি দখলের চেষ্টা ও ফসল নষ্টের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ছামাদ শেখ নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বারখাদিয়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে মোঃ ছামাদ শেখ দীর্ঘদিন ধরে ১৪৮ নং জুঙ্গুরদি মৌজার ৩৭১ নং দাগের প্রায় ৩৪ শতাংশ নাল জমি পৈত্রিক সূত্রে ভোগদখল করে আসছেন।
চলতি মৌসুমে ওই জমিতে তিনি গম ও ধনিয়া আবাদ করেন।
অভিযোগে বলা হয়, একই এলাকার নুরা মাতুব্বর, খায়ের মাতুব্বর, আলমগীর মাতুব্বর, চাঁন মিয়া মাতুব্বর ও চয়ন মাতুব্বরসহ অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এ নিয়ে ছামাদ শেখের ভাই আসাছ শেখ বাদী হয়ে নগরকান্দা সহকারী জজ আদালত, ভাঙ্গা, ফরিদপুরে একটি দেওয়ানি মামলা (নং-৩১/২৫) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে সেখানে বপনকৃত গম ও ধনিয়া গাছ নষ্ট করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় ছামাদ শেখ ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা মারধর ও গুরুতর জখমের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে একই এলাকার বকুল শেখ, আবু শেখ ও সাগর শেখের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ছামাদ শেখ অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
অভিযোগে অভিযুক্ত নুরা মাতুব্বর এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

