ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রশাসনের অভিযান: ফিলিং স্টেশনকে জরিমানা

শ্রীপুর উপজেলা প্রতিনিধি, গাজীপুর | মার্চ ৬, ২০২৬, ০৪:৩৯ পিএম প্রশাসনের অভিযান: ফিলিং স্টেশনকে জরিমানা

 গাজীপুরের শ্রীপুরে ডিজেল পরিমাপে কারচুপির দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে বিএসটিআই ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৫ মার্চ) উপজেলার জৈনাবাজার এলাকায় যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিএসটিআই জেলা কার্যালয়, গাজীপুর ও শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইদুল ইসলাম।

অভিযান চলাকালে আহাম্মদ ফিলিং এন্ড সিএনজি রিফুয়েলিং স্টেশন-এ ডিজেল ডিসপেন্সিং ইউনিটের মাধ্যমে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই গাজীপুর অফিসের পরিদর্শক (মেট্রোলজি) জনাব মহিউদ্দীন ওয়ারেছী। এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী অর্ণব চক্রবর্তী।

বিএসটিআই গাজীপুর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোক্তাদের সঠিক ওজন ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এই ধরনের বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Link copied!