দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে জনগণের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন, ফলে বাজারে চাপ তৈরি হচ্ছে। এই আতঙ্ক দূর করতে সবার সহযোগিতা প্রয়োজন।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথাও উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার চেষ্টা করবে দাম না বাড়াতে। তবে পরিস্থিতি বাধ্য করলে সে বিষয়ে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং এ বিষয়ে দেশবাসীর সমর্থন কামনা করেছে।

