বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাতে গৌরীপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিলা গৌরীপুর পৌরসভার নতুন বাজার বাড়িওয়ালাপাড়া এলাকার মৃত আব্দুল আজিজ সর্দারের মেয়ে এবং জুলহাস মিয়ার স্ত্রী। তার আরেকটি ঠিকানা ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া বাইপাস এলাকার বোর্ডঘর জলিল মোল্লার বাড়ি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. মহসিন হাসানের নেতৃত্বে এসআই আহাদুল ইসলাম, এএসআই জামাল হোসেন জয়, এএসআই সালেহ আহমেদ নয়ন, নারী কনস্টেবল নারসিন আক্তার ও ফারজানা আফরোজ স্বর্ণাসহ একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
রাত প্রায় ৮টার দিকে গৌরীপুর রেলস্টেশন রোডে সুজিত স্টোরের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৩০টি সবুজ রঙের জিপার ব্যাগে রাখা মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৬০০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীরা হলেন গৌরীপুর উপজেলার গজন্দর এলাকার মো. ফজলুর রহমান, শাহবাজপুর এলাকার মো. শহিদ মিয়া এবং হাটশিরা পশ্চিমপাড়া এলাকার মো. রবিকুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারি এই মহিলা দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারের সময় পালানোর চেষ্টা করলে তিনি পড়ে গিয়ে সামান্য আঘাত পান। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

