সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রথমে ইরানকে আত্মসমর্পণ করতে হবে। এরপর সম্ভাব্য নতুন ইরানি নেতৃত্বকে নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটির পুনর্গঠনে সহায়তা করবে।
এদিকে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। লেবানন সীমান্তে সামরিক অভিযানে অংশ নিতে গিয়ে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলেও রয়েছেন।
অন্যদিকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে নতুন করে হামলা চালিয়েছে এবং স্থল অভিযানও শুরু করেছে বলে জানা গেছে।
যুদ্ধের সপ্তম দিনে শুক্রবার (৬ মার্চ) প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ভোরে বি-২ বিমান থেকে ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে ডজনখানেক ২ হাজার পাউন্ডের পেনিট্রেটর বোমা নিক্ষেপ করা হয়েছে।
তবে পাল্টা জবাবও দিচ্ছে ইরান। তেহরান দাবি করেছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রিসেন্টের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৩২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে ৬২৫ জনের বেশি অস্ত্রোপচার করা হয়েছে। হামলায় ১১টি হাসপাতাল, ৮টি জরুরি চিকিৎসা কেন্দ্র ও ১২টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
সূত্র: বিবিসি, সিএনএন, আল জাজিরা, ইরান ইন্টারন্যাশনাল

