ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ফরিদপুরে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মার্চ ৩, ২০২৬, ০৯:৫০ পিএম ফরিদপুরে যুবককে  হত্যা

ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কোতয়ালী থানাধীন রেলস্টেশন বাজারের বস্তি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

দীর্ঘদিনের পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে শিল্পীর মাদক ব্যবসায়ী জামাই হৃদয়সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলাকারীরা রাজুকে পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল–এর ট্রমা সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাজু কোতয়ালী থানার কুটিবাড়ী, স্টেশন বাজার মুসলিম কলোনি ২ নম্বর কুটিবাড়ীর বাসিন্দা। তার পিতার নাম বাবলু কসাই।

ঘটনার খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ সময় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘটনার পর শিল্পীর জামাই মো. নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Link copied!