গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অস্থায়ী বাজার ইজারার নামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখল বন্ধ এবং যানজটমুক্ত পরিকল্পিত নগরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ, ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১:০০ ঘটিকার সময় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে ‘শ্রীপুর উপজেলা সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন যে, অস্থায়ী বাজার ইজারার অজুহাতে মহাসড়ক ও ফুটপাত দখল করে রাখায় সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
আন্দোলনকারীদের প্রধান দাবি
অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল অবিলম্বে বন্ধ করতে হবে।সিসি ক্যামেরা মনিটরিংয়ের মাধ্যমে পুরো এলাকাকে নজরদারিতে আনতে হবে।
যানজটমুক্ত যাতায়াত ব্যবস্থা এবং ফুটপাত দখলমুক্ত করে সুপরিকল্পিত সড়ক ও নগর নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের পকেট কাটতে এবং ব্যক্তিস্বার্থে মহাসড়ক দখল করে বাজার বসানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা দ্রুত সময়ের মধ্যে প্রশাসনকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে শ্রীপুর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি,সংবাদকর্মী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

