সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাতিল এবং পূর্বের নীতিমালা বহালের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন খুচরা সার বিক্রেতারা। মঙ্গলবার (০৩ মার্চ) সকালে সিঅফিস সংলগ্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস চত্বরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সার বিক্রেতারা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, নতুন নীতিমালা বাস্তবায়ন হলে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা খুচরা বিক্রয়ব্যবস্থা ভেঙে পড়বে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়বেন।
সমাবেশে বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শেখ ওবায়দুল্লাহ, পিরোজপুর সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রুম্মান, স্বরূপকাঠি উপজেলা সাধারণ সম্পাদক বাদশা শেখ, জিয়ানগর উপজেলা সাবেক সভাপতি নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হেমায়েত শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে তারা সার ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করে এবং নিজস্ব পুঁজি বিনিয়োগের মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে মৌসুমে কৃষকদের হাতে নগদ অর্থ না থাকলেও তারা বাকিতে সার সরবরাহ করেন, যা কৃষি উৎপাদন অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন নীতিমালা কার্যকর হলে এ ব্যবস্থায় বিঘ্ন ঘটবে এবং বহু খুচরা বিক্রেতা ব্যবসা হারানোর ঝুঁকিতে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে প্রধানমন্ত্রী বরাবর নীতিমালা-২০২৫ পুনর্বিবেচনা করে তা স্থগিত ঘোষণা এবং পূর্বের নীতিমালা বহালের দাবি জানানো হয়।
খুচরা সার বিক্রেতারা জানান, দাবি আদায় না হলে তারা পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা বিবেচনা করবেন

