ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

ব্যাংকিং খাত সংস্কারে স্পষ্ট রোডম্যাপ চায় আইএমএফ

অর্থ-বাণিজ্য ডেস্ক | মার্চ ২৫, ২০২৬, ০৬:৩০ পিএম ব্যাংকিং খাত সংস্কারে স্পষ্ট রোডম্যাপ চায় আইএমএফ

দেশের ব্যাংকিং খাতের স্বচ্ছতা, ঋণ ব্যবস্থাপনা ও নীতিগত সংস্কার জোরদারে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি সুস্পষ্ট ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এই রোডম্যাপ লিখিতভাবে চায়। বৈঠকে দেশের আর্থিক খাতের চলমান সংস্কার, সামষ্টিক অর্থনীতির অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আইএমএফ জানায়, বাংলাদেশের আর্থিক খাতে চলমান সংস্কারের অগ্রগতি সন্তোষজনক হলেও তা আরও কাঠামোবদ্ধ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়ন জরুরি। বিশেষ করে ব্যাংকিং খাতে স্বচ্ছতা বৃদ্ধি, খেলাপি ঋণ ব্যবস্থাপনা এবং নীতিগত সংস্কারে একটি সুস্পষ্ট পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংস্থাটি মনে করছে, একটি নির্দিষ্ট রোডম্যাপ থাকলে তা সংস্কার কার্যক্রমে দিকনির্দেশনা দেবে এবং খাতে জবাবদিহিতা ও দক্ষতা বাড়াবে।

বৈঠকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং বিনিময় হারকে বাজারভিত্তিক করার ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিবাচক হিসেবে মূল্যায়ন করা হয়। মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকেও কার্যকর বলে উল্লেখ করে আইএমএফ।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী এপ্রিলে ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফের স্প্রিং মিটিংয়ের পর নেওয়া হবে। এর আগে রিভিউ মিশন বাংলাদেশ সফর করে সংস্কার অগ্রগতি ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করবে।

উল্লেখ্য, আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত পাঁচ কিস্তিতে ৩৬৪ কোটি ডলার পাওয়া গেছে। বাকি রয়েছে ১৮৬ কোটি ডলার। তবে গত ডিসেম্বরে নির্ধারিত ষষ্ঠ কিস্তির অর্থ এখনও ছাড় হয়নি।


বিশ্লেষকদের মতে, আইএমএফের এই রোডম্যাপ চাওয়া মূলত সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করার চাপ হিসেবে দেখা হচ্ছে। ঋণের পরবর্তী কিস্তি পেতে হলে ব্যাংকিং খাতে কার্যকর সংস্কারের দৃশ্যমান অগ্রগতি দেখানোই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।


 

 

কালের সমাজ/কে.পি

Link copied!